পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু

সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ২৫ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান এবার পবিত্র হজ পালন করছেন। খবর এএফপি ও বাসস।

প্রসঙ্গত, পবিত্র হজ ইসলামের পাঁচটি গুরুত্বপূর্ণ স্তম্ভের অন্যতম। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জীবনে অন্তত একবার অবশ্যই হজ পালন করতে হয়।

হাজিরা গতকাল সারা দিন মিনায় অবস্থান করেন। আজ ফজরের নামাজ আদায়ের পর সেখান থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন তারা। সূর্যাস্ত পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন। এরপর মুজদালিফায় গিয়ে রাতযাপন ও পাথর সংগ্রহ করবেন তারা। পরে ভোরে ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে মিনায় ফিরবেন হাজিরা।

হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। দেশটির নিরাপত্তা বাহিনীর মুখপাত্র বাসাম আতিয়া বলেন, হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের সব সশস্ত্র বাহিনীকে মোতায়েন করা হয়েছে। আমরা মহান আল্লাহর অতিথিদের সেবা করতে পেরে গর্বিত।

সৌদি স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর প্রায় ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালন করছেন। এসব হজযাত্রীর অধিকাংশ  

বিশ্বের বিভিন্ন দেশ থেকে মক্কায় এসে সমবেত হয়েছেন।

দেশটির হজ মন্ত্রণালয়ের কর্মকর্তা হাতিম বিন হাসান কাদি বলেন, এ বছর হজযাত্রীদের জন্য কোনো এজেন্ট ছাড়াই অনলাইনে ১৮ লাখের বেশি ভিসা সরবরাহ করা হয়েছে। আমাদের জন্য এটি একটি বড় সাফল্য।

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে এ বছর প্রায় ১ লাখ ২৭ হাজার হজযাত্রী পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন।

আরও