ডেঙ্গুর বিস্তার : ঢাকার বাইরে ১০ হাজারের বেশি ডেঙ্গু রোগী

ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩০। এর মধ্যে ৩ হাজার ৬২৫ জন এখনো বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি ৬ হাজার ৪০৫ জন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গতকাল ২৪ ঘণ্টায় সারা দেশে আরো ২ হাজার ৩২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৪ হাজার ৬৬৬। তাদের হিসাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এ পর্যন্ত ২৯। যদিও বেসরকারি হিসাবে সংখ্যাটা আরো বেশি।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ঢাকা শহর ব্যতীত বিভাগটিতে এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন মোট ২ হাজার ৬১৮ জন। এরপর ডেঙ্গু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৯৭৫। এছাড়া খুলনা বিভাগে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৮৯, রাজশাহী বিভাগে ১ হাজার ১৩৭, রংপুর বিভাগে ৬১৯, বরিশাল বিভাগে ১ হাজার ২৬ ও সিলেট বিভাগে ৩৭৬ জন।

ঢাকাতেই ডেঙ্গুর প্রকোপ বেশি। রাজধানীর হাসপাতালগুলোয় ডেঙ্গু রোগীর চাপও তাই বেশি। গতকাল পর্যন্ত রাজধানীর সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ১৪০ জন ডেঙ্গু রোগী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৩০ জন। এছাড়া মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল ভর্তি হয়েছেন ১১৮, ঢাকা শিশু হাসপাতালে ৫৬, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৫৬, বিএসএমএমইউতে ৬৫, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১২৪, বিজিবি হাসপাতালে ৪, সম্মিলিত সামরিক হাসপাতালে ৩১ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১০০ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকার বেসরকারি হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৪৬৫ জন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৩৭ জন। বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ২১৬ জন। এর পরই রয়েছে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন এবং বর্তমানে ভর্তি রয়েছেন ১৪০ জন। বারডেম হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন ও বর্তমানে ভর্তি রয়েছেন ৬৩ জন। এর বাইরে কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন।

আরও