ঢাকা মেডিকেলে ৫০টি আইসিইউ শয্যা বাড়ছে

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি ভিত্তিতে ৫০টি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) শয্যা বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মুমূর্ষু ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে আগামী দুই-তিনদিনের মধ্যেই এগুলো চালু হচ্ছে।

জানা গেছে, গত দুই মাসের কম সময়ের মধ্যে তিন হাজারেরও বেশি ডেঙ্গু রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এ হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের অনেকেরই আইসিইউর সাপোর্টের প্রয়োজন পড়ছে। কিন্তু আইসিইউ শয্যার অপ্রতুলতার কারণে বেশ কয়েকজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। তাই জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০টি আইসিইউ শয্যা বরাদ্দ দিল স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছর ডেঙ্গু জ্বরে সারা দেশে ২৩ জন মারা গেছে। তবে বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা এর তিন গুণেরও বেশি।  

স্বাস্থ্য অধিদপ্তরের হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্টের অপারেশন প্ল্যান (ওপি) লাইন ডিরেক্টর ডা. সত্যকাম চক্রবর্তী এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, গত সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ সেন্ট্রাল মেডিসিন স্টোর ডিপো (সিএমএসডি) থেকে ৫০টি আইসিইউ বেড ও সরঞ্জামাদি বুঝে নিয়েছে। ডেঙ্গু রোগীদের মৃত্যুঝুঁকি রোধকল্পে জরুরি ভিত্তিতে শয্যাগুলো স্থাপন ও চালুর নির্দেশনা দেয়া হয়েছে। এ নিয়ে ঢামেক হাসপাতালে আইসিইউতে মোট শয্যা দাঁড়াবে ৮২টি।

আরও