ডেঙ্গু মোকাবেলায় ঢাকার দুই সিটি করপোরেশনকে ১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল সচিবালয়ে ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
মন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবেলায় ব্যয় করার জন্য ঢাকার দুই সিটি করপোরেশনকে সাড়ে ৭ কোটি টাকা করে থোক বরাদ্দ দেয়া হয়েছে। অন্য সিটি করপোরেশনগুলোর জন্য একটি অংকের টাকা বরাদ্দ করে পাঠানো হয়েছে। সব মিলিয়ে সিটি করপোরেশনগুলোকে ২১ কোটি ও পৌরসভাগুলোকে ৩০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
কোরবানির ঈদ ঘিরে ঢাকা থেকে দেশের বিভিন্ন অংশে যাত্রী পরিবহন ও যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায় জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ডেঙ্গু বাহক এডিস মশা যাতে যানবাহনে করে অন্য জেলায় ছড়াতে না পারে, সেজন্য বাস, ট্রেন ও লঞ্চ ছাড়ার আগে স্প্রে করা এবং পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেয়া হয়েছে জেলা প্রশাসক ও পরিবহন মালিকদের।