বাগেরহাটে অপহৃত দুই কয়লা ব্যবসায়ী উদ্ধার, আটক ৩

ব্যবসার কথা বলে কৌশলে দুই কয়লা ব্যবসায়ীকে সুনামগঞ্জ থেকে ডেকে এনে মুক্তিপণের দাবিতে অপহরণ করার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে জেলার মোড়েলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার পানগুছি নদীর পাড় থেকে অপহৃত দুই কয়লা ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- পিরোজপুর জেলার দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে তুহিন শিকদার (২২), একই জেলার উত্তর পূর্ব মাছিমপুর গ্রামের রফিক হালদারের ছেলে পারভেজ হালদার (২৫) ও পোরগোল গ্রামের আশরাফ আলী ছেলে আজগার আলী (৩৫)।

উদ্ধারকৃত দুই কয়লা ব্যবসায়ী হলেন- সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার টেকেরঘাট গ্রামের আলিমুদ্দিনের ছেলে নুরুল আলম (৩৭) ও একই উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আবু মিয়ার ছেলে মুসলিম মিয়া (৩৫)। অপহৃতদের উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

অপহৃত কয়লা ব্যবসায়ী নুরুল আলম বলেন, ইটভাটায় কয়লা কেনার কথা বলে চুক্তি করতে কৌশলে অপহরণকারীরা সুনামগঞ্জ থেকে আমাদের পিরোজপুর ডেকে আনে। গত ৩০ জুলাই ভোর ৫টায় আমরা পিরোজপুর এসে পৌঁছালে অপহরণকারীরা আমাদের নদীর পাড়ে নিয়ে গিয়ে নৌকায় দুইদিন আটকে রাখে। এ সময় তারা আমাদের বেধড়ক মারপিট করে মুক্তিপণ দাবি করে। পরে আমাদের পরিবার থেকে পুলিশকে অবহিত করা হলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে।

এ বিষয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, ব্যবসার কথা বলে একটি চক্র ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে সুনামগঞ্জের দুই কয়লা ব্যবসায়ীকে অপহরণ করে। পরে সুনামগঞ্জ জেলা পুলিশ অপহরণের বিষয়টি আমাদের অবহিত করলে জেলা পুলিশের একাধিক টিম অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধারের জন্য অভিযান শুরু করে। একপর্যায়ে বাগেরহাট শহরের এসএ পরিবহনের অফিস থেকে মুক্তিপণের টাকা উত্তোলনের সময় তিন অপহরণকারীকে আটক করা হয়। পরে পুলিশি তৎপরতায় বাকি অপহরণকারীরা দুই কয়লা ব্যবসায়ীকে ফেলে পালিয়ে যায়।

আরও