সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে চাঁদ ফকির নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত চাঁদ ফকির শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরা চিথুলিয়া গ্রামের মৃত মোকছেদ ফকিরের ছেলে।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, চাঁদ ফকিরের সঙ্গে তার ভাই মৃত আসমত ফকিরের ছেলে রশিদ ফকিরের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে চাঁদ ফকিরসহ তিনজন আহত হন। গুরুতর আহত চাঁদ ফকিরকে রাতেই বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতদের মধ্যে চাঁদ ফকিরের আরেক ভাই আলম ফকিরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী দিয়ে আঘাত করা হয়েছে, তা বোঝা যাচ্ছে না। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।