লাইভ অ্যাকশন হাইব্রিড বিড়াল টম আর ইঁদুর জেরি দেখতে কেমন হবে? তারা কি লায়ন কিংয়ের মতো একেবারে সিজিআই (কম্পিউটার জেনারেটেড) হবে নাকি ক্যাটস-এর মতো ‘মানব বিড়াল-ইঁদুর’?
টম অ্যান্ড জেরির ভক্তদের জন্য সুখবর। এবার সিনেমা হতে যাচ্ছে টম অ্যান্ড জেরি। অ্যানিমেশনের সঙ্গে লাইভ অ্যাকশন যুক্ত করে ছবি নির্মাণ এখন জনপ্রিয় হয়ে উঠছে এবং গণমাধ্যমের খবর অনুসারে টম অ্যান্ড জেরি ছবিতেও এ পদ্ধতি অনুসরণ করা হবে। আপাতত এ পদ্ধতি লাইভ অ্যাকশন/অ্যানিমেটেড হাইব্রিড নামে পরিচিত। ২০২১ সালের এপ্রিলে এ ছবি মুক্তি পাওয়ার কথা।
ছবিতে টম ও জেরির জন্য শুরুতে কাস্ট করা হয়েছিল শোলে গ্রেস মর্টেজ, কলিন জস্ট এবং মাইকেল পেনাকে। সর্বশেষ খবর অনুযায়ী, আরো নতুন চার মুখ যুক্ত হচ্ছে এ ছবিতে। এবার যুক্ত হয়েছেন কেন জেওং, রব ডেলানি, জর্ডান বোলগার ও পল্লবী শারদা। তবে টম ও জেরির চরিত্রে কাদের দেখা যাবে, সেটা এখনো প্রকাশ করা হয়নি। ওয়ার্নার ব্রসের এ ছবির পরিচালক টিম স্টোরি।
সম্প্রতি মিউজিক্যাল ফ্যান্টাসি ছবি ক্যাটস-এর ট্রেইলার মুক্তি পেয়েছে। এতে বিড়াল চরিত্র ও সাজে জুডি ডেঞ্চ, ইদ্রিস এলবা, টেইলর সুইফটকে দেখে সবাই অবাক। সবার চেহারা বিড়ালের মতো, এমনকি সবার লেজও আছে। এ ট্রেইলার দেখে হয়তো টম অ্যান্ড জেরি ছবির বিড়াল ও ইঁদুরের চেহারা কেমন হবে, সেটা ভক্তরা অনুমান করতে চেষ্টা করছেন। ক্যাটসের মতো টম অ্যান্ড জেরিও যে ভক্তদের নতুন চমক দেবে, তাতে আর সন্দেহ কী।
লাইভ অ্যাকশন হাইব্রিড বিড়াল টম আর ইঁদুর জেরি দেখতে কেমন হবে? তারা কি লায়ন কিংয়ের মতো একেবারে সিজিআই (কম্পিউটার জেনারেটেড) হবে নাকি ক্যাটস-এর মতো ‘মানব বিড়াল-ইঁদুর’? তাদের আকার কেমন হবে? এমন অনেক প্রশ্নই ভক্তদের মনে ভিড় করছে। হয়তো সামনে ধীরে ধীরে উত্তর পাওয়া যাবে। তবে সন্দেহ নেই ক্যাটসের ট্রেইলার দেখে ভক্তদের মনে টম অ্যান্ড জেরি ছবি নিয়ে কৌতূহল বেড়েছে।
টম অ্যান্ড জেরি ছবির গল্প সম্পর্কে যতটুকু শোনা যাচ্ছে, তা এ রকম—টম ও জেরি উভয় তাদের আবাস থেকে উত্খাত হয়ে নিউইয়র্কের এক হোটেলে আশ্রয় নেয়। সেখানে এক কর্মচারীকে দায়িত্ব দেয়া হয় জেরিকে হোটেল থেকে তাড়াতে হবে। টম তখন হোটেলে পিয়ানো বাদকের চাকরি করে। সেই কর্মচারী জেরিকে তাড়াতে টমের সাহায্য চায়।
সূত্র : ইডব্লিউ ও স্ল্যাশ ফিল্ম