বলিউডে অভিষেক ঘটছে ক্যাটরিনার বোন ইসাবেলের

ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলের অভিষেক ঘটতে যাচ্ছে বলিউডে। লাভযাত্রী চলচ্চিত্রখ্যাত অভিনেতা আয়ুশ শর্মার বিপরীতে তাকে দেখা যাবে বলেই ইন্ডিয়ান এক্সপ্রেসের করা প্রতিবেদনে বলা হয়েছে

বলিউডে অভিষেক ঘটছে ইসাবেল কাইফের। এখন পর্যন্ত নির্ভরযোগ্য সব সূত্র থেকে পাওয়া তথ্য এমনটাই জানিয়েছে। ইসাবেল অভিনীত প্রথম চলচ্চিত্রে তার সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন আয়ুশ শর্মা। ‘কথা’ নামে সে চলচ্চিত্রের পরিচালনায় আছেন করণ ললিত বুটানি। মূলত ভারতীয় এক সেনাসদস্যের জীবনের সত্যি ঘটনার ওপর ভিত্তি করে তৈরি করা হবে চলচ্চিত্রটি।

আসন্ন চলচ্চিত্রটি সম্পর্কে নিশ্চিত করে বুটানি বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আয়ুশ শর্মা ও ইসাবেল কাইফ আসন্ন চলচ্চিত্রটির মূল দুটো চরিত্রে অভিনয় করবেন। কথা হচ্ছে ভারত ও মিয়ানমার বর্ডারের কাছের একটি গ্রাম। যদিও পুরো চলচ্চিত্রটি তৈরির গল্পটি সত্যি, কিন্তু এটি বেশ অস্বাভাবিক একটি গল্প। যার জন্য আয়ুশ ও ইসাবেলের মতো অভিনেতা-অভিনেত্রীই জুতসই।

চলচ্চিত্রটি প্রযোজনা করছে আদিত্য জোশির কাল্ট এন্টারটেইনমেন্ট। সে সূত্রে আদিত্য জানান, যখন আমরা কথার বিষয়ে জানলাম, তখন বুঝতে পেরেছি এটি খানিকটা ভিন্ন রকমের গল্প, যা কিনা ভারতীয় সেনাবাহিনীর বিশাল হূদয়ের গল্পই বলছে। তাদের এত বড় অবদানের কথা ভিন্ন মাধ্যমে ফুটিয়ে তোলা প্রয়োজন।

উল্লেখ্য, আয়ুশ ও ইসাবেল দুজনই বলিউডে নতুন। যদিও আয়ুশের অভিষেক ঘটেছে লাভযাত্রী নামে একটি চলচ্চিত্র দিয়ে, যা মুক্তি পেয়েছে ২০১৮ সালে। আসছে চলচ্চিত্রে তাকে দেখা যাবে ভারতীয় সেনাসদস্য হিসেবে। আর এ চরিত্র ফুটিয়ে তুলতে বেশ কসরতও করছেন তিনি। অন্যদিকে ইসাবেল কাইফ চার বছর ধরে নিউইয়র্ক অ্যাক্টিং স্কুলের অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন অভিনয়ের ওপর।

এ বছরের সেপ্টেম্বরে চলচ্চিত্রটির শুটিং শুরু হওয়ার কথা। ২০২০ সালে মুক্তি দেয়া হবে বলেও জানানো হয়েছে একই সঙ্গে।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও