বুনুয়েলকে নিয়ে সুররিয়াল অ্যানিমেশন

বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও সুররিয়াল আন্দোলনের অন্যতম শিল্পী লুই বুনুয়েলকে নিয়ে তৈরি হচ্ছে অ্যানিমেশন। ‘বুনুয়েল ইন দ্য ল্যাবরিন্থ অব দ্য টার্টলস’ শিরোনামের অ্যানিমেশনের একটি ভিডিও ক্লিপস সম্প্রতি প্রকাশ হয়েছে। এ অ্যানিমেশনে তুলে ধরা হয়েছে বুনুয়েলের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি কোন পরিপ্রেক্ষিতে তার বিখ্যাত প্রামাণ্যচিত্র লাস হার্ডস: ল্যান্ড উইদাউট ব্রেড নির্মাণ করেছিলেন, সেই সত্য কাহিনী নিয়েই নির্মিত হয়েছে ‘বুনুয়েল ইন দ্য ল্যাবরিন্থ অব দ্য টার্টলস’।

প্রকাশিত ক্লিপসে দেখা যায়, সুররিয়াল স্টাইল এবং কল্পনার অসীম সম্ভাবনা। বুনুয়েলের মন আর কাজকে বোঝাতে এর চেয়ে অন্য কোনো পদ্ধতি বোধ হয় চিত্রনাট্যকার-পরিচালকদের সামনে ছিল না। চিত্রনাট্য লিখেছেন সালভাদর সিমো ও এলিজিও মন্টেরো; পরিচালনা করেছেন সালভাদর সিমো নিজেই।

‘বুনুয়েল ইন দ্য ল্যাবরিন্থ অব দ্য টার্টলস’-এ দেখা যাবে ১৯৩০-এ প্যারিসে কপর্দকশূন্য বুনুয়েলকে। লা’শ দ’র ছবি নিয়ে তখন বুনুয়েল আছেন ঝামেলায়। এ রকম পরিস্থিতিতে বুনুয়েলের এক বন্ধু লটারি জিতলেন এবং বুনুয়েলের পরবর্তী ছবির জন্য আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এটি ছিল স্পেনের লাস হার্ডস অঞ্চলের ওপর একটি বড় কাজ।

‘বুনুয়েল ইন দ্য ল্যাবরিন্থ অব দ্য টার্টলস’-এ রোমাঞ্চ আছে, থাকবে সিনেমার ইতিহাস আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যা থাকবে, তা হলো দুনিয়ার অন্যতম সেরা পরিচালকের নিজেকে খুঁজে পাওয়ার সংগ্রাম।

‘বুনুয়েল ইন দ্য ল্যাবরিন্থ অব দ্য টার্টলস’ চলতি বছর একটি প্রতিযোগিতায় প্রদর্শিত হয়েছে। চলতি মাসের ১৬ তারিখ ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে।

 

সূত্র: কলিডার

আরও