স্করসেসের আইরিশম্যানে নিরো-পাচিনো একসঙ্গে

মার্টিন স্করসেসের নতুন গ্যাংস্টার ফিল্ম দি আইরিশম্যানের ট্রেলারটি অনলাইনে প্রকাশ পাওয়ায় দর্শকরা প্রথম ঝলকেই রবার্ট ডি নিরোকে দেখতে পান।

আমেরিকান পরিচালক মার্টিন স্করসেস ও আমেরিকান অভিনেতা রবার্ট ডি নিরো ১৯৭৩ সাল থেকে নয়টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও একটি শর্টফিল্মে একজোটে কাজ করেছেন। তাদের সেসব ছবির বেশির ভাগ অপরাধবিষয়ক, এর মধ্যে অনেক চলচ্চিত্রই সর্বকালের সেরা তালিকায় স্থান পেয়েছে।

তারা বহু বছর পর ফের একজোটে কাজ করতে যাচ্ছেন। চার্লস ব্র্যান্ডত এর ‘আই হেয়ার ইউ পেইন্ট হাউজ’ বইয়ের ওপর ভিত্তি করে মার্টিন স্করসেস পরিচালিত ও স্টিভেন জাইলিন রচিত আসন্ন আইরিশম্যান আমেরিকান অপরাধবিষয়ক এ চলচ্চিত্রে রবার্ট ডি নিরোকে দেখা যাবে একজন শ্রমিক ইউনিয়ন নেতা ও বুফালিনো ক্রাইম ফ্যামিলির অভিযুক্ত একজন হিসেবে। অন্যদিকে আল পাচিনোকে দেখা যাবে আমেরিকান শ্রমিক ইউনিয়ন নেতা জিম্মি হফার চরিত্রে।

‘আইরিশম্যান’ চলচ্চিত্রটি আইরিশ-আমেরিকান ইউনিয়নের সংগঠক ফ্র্যাংক শিরানের গল্প বলবে, যেখানে মূল বইয়ের লেখক ব্র্যান্ডত দাবি করেছেন, ফ্র্যাংক শিরান হলো ইউনিয়ন বস জিম্মি হফার খুনি। ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব টিমস্টার্সের কুখ্যাত দুর্নীতিবাজ এ প্রেসিডেন্ট ১৯৭৫ সালে নিখোঁজ হন এবং ১৯৮২ সালে তাকে আইনত মৃত ঘোষণা করা হয়। একটু বলে রাখা ভালো, ডি নিরো এই ফ্র্যাংক শিরানের চরিত্রেই অভিনয় করবেন।

এ চলচ্চিত্রে কম্পিউটার-জেনারেটেড ইমাজিনারি ব্যবহারের মাধ্যমে অভিনয়শিল্পীদের বয়স অনেকটা কমিয়ে ফেলা হবে। আর ব্যাপারটিই এ পর্যন্ত অনেক উদ্দীপনা সৃষ্টি করেছে। যখন ৬২ বছর বয়সী হফা নিখোঁজ হন, শিরান তখন বয়স ৫০-এর মধ্যভাগ পার করছেন। এ দুটি চরিত্রে যারা অভিনয় করছেন, মানে পাচিনো ও ডি নিরো এদের বয়স বর্তমানে যথাক্রমে ৭৫ ও ৭৯ বছর।

প্রযুক্তিগত চ্যালেঞ্জ অর্থাৎ চলচ্চিত্রের পোস্ট প্রডাকশনটি প্রত্যাশার চেয়ে বেশি সময় নিয়েছিল। ফলে ছবিটি মে মাসে কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার সময়সীমা হারায়। তবে আইরিশম্যানকে নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে ঘোষণা করা হয়েছিল। উৎসবের পরিচালক কেন্ট জোন্স বলেছেন, এটি মাস্টারদের কাজ, সিনেমা শিল্পের একজন নিয়ন্ত্রক দিয়ে নির্মিত, যা আমি আমার জীবদ্দশায় খুব কমই দেখেছি। এটি সূূক্ষ্মতার স্তরে খেলা করছে, যা আমাকে স্তম্ভিত করেছে।

আগামী ২৭ সেপ্টেম্বর আইরিশম্যানের প্রিমিয়ার হবে। আসছে শরতেই নেটফ্লিক্সে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

 

সূত্র: গার্ডিয়ান

আরও